Dhaka Mail Logo

রাজনীতি

দুই আসনে লড়েও সংসদে যেতে পারলেন না ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও ৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। দুই আসনেই নির্বাচনি প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১,৩১,৪৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩,৫২৮ ভোট।

বরিশাল-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ৮১,০৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ মাহমুদুন্নবি পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট, আর হাতপাখা প্রতীকের ফয়জুল করীম পেয়েছেন মাত্র ২৮,৮২৩ ভোট।
 
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির শক্তিশালী সংগঠন ও স্থানীয় গতিশীলতার কারণে হাতপাখা প্রতীক বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। 
 
ফলাফল ঘোষণার পর উভয় আসনে ধানের শীষের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে এবং নির্বাচনী পরিবেশ শান্ত ছিল।

/এএস