Dhaka Mail Logo

রাজনীতি

ভোটের দিন শহীদ আবরার ফাহাদকে স্মরণ করলেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

ভোটের দিন শহীদ আবরার ফাহাদকে স্মরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আবরার ফাহাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, আজ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আবরার ফাহাদকে, আজ এই ক্ষণজন্মা বীরের ২৮ বছর পূর্ণ হতো।

তিনি আবরার ফাহাদকে দেশের সার্বভৌমত্বের এক সাহসী কণ্ঠস্বর এবং অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের জীবন্ত প্রতীক হিসেবে উল্লেখ করেন। দেশের মর্যাদা রক্ষায় আবরার নিজের জীবন উৎসর্গ করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন জামায়াত আমির।

ভোটারদের উদ্দেশে তিনি লেখেন, ভোট কেবল নাগরিক দায়িত্ব নয়; এটি ন্যায়বিচার ও জবাবদিহিতার লড়াইয়ের অংশ। তিনি সবাইকে নির্ভয়ে ও দৃঢ়চিত্তে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সত্যের পথে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে ভোট হোক নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ জবাব এবং ইনসাফভিত্তিক, সার্বভৌম ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

টিএই/এএস