images

রাজনীতি

ধীরগতিতে ভোটগ্রহণের অভিযোগ রবিনের

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম

ঢাকা–৪ আসনে ভোটগ্রহণের শুরুতেই ধীরগতির অভিযোগ তুলেছেন শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটাররা।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় এই কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন ভোটারদের বরাতে সাংবাদিকদের এ তথ্য জনান।

একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা হবে উল্লেখ করে রবিন বলেন, আজ আমাদের জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছি।

ভোট দেওয়ার আগে তিনি ৫৯ নম্বর ওয়ার্ডের বাগচরগঞ্জ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, যা আশাব্যঞ্জক।

তবে নিজ কেন্দ্রে এসে ভোটারদের কাছ থেকে ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ শোনার কথা জানান রবিন। তিনি আরও জানান, অনেক ভোটার প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি জানতে তিনি কেন্দ্রের ভেতরে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

কর্মকর্তারা তাকে জানান, শুরুতে কিছুটা অগোছালো পরিস্থিতির কারণে ভোটগ্রহণে বিলম্ব হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং ধীরগতির বিষয়টি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

তানভীর আহমেদ রবিন বলেন, কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিছি যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হয়। অনেকের জরুরি কাজ বা শারীরিক অসুস্থতা থাকতে পারে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কেউ যেন ভোট না দিয়েই ফিরে না যান, সেটাই আমাদের প্রত্যাশা।

8

এ সময় তিনি জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির এজেন্টরা প্রতিটি কেন্দ্রে প্রবেশ করেছেন।

ভোটের শুরুতেই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ইতিবাচক হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়ান।

প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রার্থীদের এজেন্ট সঠিক সময়ে আসেনি। তারা সাড়ে ৭টার দিকে অনেক এসেছেন। এজন্য আমরা ব্যালেট বক্স খোলাসহ না সবকিছু দেরিতে শুরু করতে হয়েছে। পৌনে ৮টার দিকে ভোটগ্রহণ শুরু করেছি। ভোটগ্রহণ বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। এছাড়া অনেক ভুল করে পাশের কেন্দ্র থেকে এখানে চলে আসছে। এজন্য লাইন দীর্ঘ হচ্ছে। 

তিনি জানান, ভোটের পরিবেশ ভালোই আছে। তবে ভোটারদের আগমন খুবই কম। সকাল ৯টা পর্যন্ত ৬০ জন ভোট দিয়েছে।  

এই কেন্দ্র মোট ভোটার ৩৫৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৯৮০ জন ও মহিলা ভোটার ১৬০৮ জন।

বিইউ/এএস