নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।
এসময় তার সঙ্গে স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। এই আসনের প্রার্থী তারেক রহমান, এছাড়া তিনি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি। এবারের নির্বাচনে ভিআইপি আসনের মধ্যে অন্যতম একটি। এই আসনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
নির্বাচন কমিশনের তথ্য মতে, এ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে ৯১ হাজার ১৭৫ ও ক্যান্টনমেন্ট এলাকায় ভোটার রয়েছেন ৬০ হাজার ৮২৫ জন। এ ছাড়া, ১৮ নম্বর ওয়ার্ডে ৩৯ হাজার ৫৬২ জন, ১৯ নম্বর ওয়ার্ডে ৬৯ হাজার ৩২ এবং ২০ নম্বর ওয়ার্ডে ৬৪ হাজার ৪২৪ ভোটার। এসব ভোটারের বড় একটি অংশই প্রান্তিক জনগোষ্ঠী বা বস্তিবাসী।
এসএইচ/এএস