Dhaka Mail Logo

রাজনীতি

নির্ভয়ে ভোট দিতে দেশবাসীর প্রতি জামায়াত আমিরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্ভয়ে ও সতর্কভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, ‘এক নতুন ভোরের, নতুন বাংলাদেশের প্রতীক্ষায় একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।’

তিনি বলেন, ‘আমার প্রিয় দেশবাসী, ভয়হীনভাবে ভোট দিন সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।’

জামায়াত আমির দেশবাসীকে সতর্ক করে বলেন, ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মনে রাখবেন, আজকের এই ভোট শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।

রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাসক না হয়ে জাতির সেবক হবে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়। 

এম/এমআই