images

রাজনীতি

নির্বাচনে একাধিক আসনে লড়ছেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে নির্বাচনি হাওয়া। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে হাতেগোনা কয়েকজন নেতা একাধিক আসনে লড়ছেন। হেভিওয়েটদের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচন করছেন। অন্যদিকে বিএনপি নেতা এম এ এইচ সেলিম বাগেরহাটে একাই তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নির্বাচনে।

অন্যদিকে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করীমও দুই আসনে লড়ছেন। এছাড়া বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ থেকে দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এরবাইরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া ও ঢাকা থেকে নির্বাচন করলেও শেষদিকে এসে বগুড়ার আসন ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।

আর বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন আসন থেকে প্রার্থী হয়েছিলেন। কিন্তু গত ৩০ জানুয়ারি মৃত্যুবরণ করায় এই আসনগুলোতে স্থানীয় বিএনপির বিকল্প প্রার্থীরা ভোটে লড়ছেন।

অতীতে জাতীয় নির্বাচনে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, প্রয়াত জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ একাধিক আসন থেকে নির্বাচন করতেন।

বগুড়া আর ঢাকায় লড়ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ভোটে লড়ছেন। এবার দুটি কৌশলগত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি তার পিতৃভূমি ও পৈত্রিক দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৬ এবং অন্যটি রাজধানীর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসন।

দীর্ঘ নির্বাসন শেষে রাজনীতিতে ফেরার পথে এই দুটি আসনকে তিনি সবচেয়ে নিরাপদ ও গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় দলীয় চেয়ারম্যানের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাগেরহাটে সেলিমের ‘হ্যাটট্রিক’ চ্যালেঞ্জ

এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়িয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি একাই বাগেরহাটের তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনে তার নির্বাচনি প্রতীক ‘ঘোড়া’।

জানা গেছে, দলীয় মনোনয়ন নিয়ে অসন্তুষ্টি থেকেই তিনি এই বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। বাগেরহাটের রাজনীতিতে সেলিমের এই অবস্থান বিএনপির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুই আসনে লড়ছেন ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম এবার বরিশালের দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে লড়ছেন। বরিশাল-৫ (সদর) আসনে তার প্রধান প্রতিপক্ষ বিএনপির প্রভাবশালী নেতা মজিবর রহমান সরোয়ার।

এই আসনে একটি বিশেষ রাজনৈতিক শিষ্টাচার লক্ষ্য করা গেছে; এখানে জামায়াতে ইসলামী ফয়জুল করীমের সমর্থনে কোনো প্রার্থী দেয়নি। জামায়াতের প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এছাড়া তিনি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তার মূল লড়াই হবে বিএনপির সাবেক এমপি আবুল হোসেনের সাথে।

সাবেক এমপির দুই আসনের লড়াই

নারায়ণগঞ্জের রাজনীতির এক সময়ের দাপুটে নেতা ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন এবার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ): এটি তার চিরচেনা আসন। এখানে তিনি ‘মাছ’ প্রতীক নিয়ে লড়ছেন। তার বিপরীতে বিএনপি জোটের হয়ে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসাইন কাসেমী।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও): এই আসনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে স্থানীয় রাজনৈতিক আধিপত্য বজায় রাখার লড়াইয়ে নেমেছেন। দলীয় মনোনয়ন না পেয়ে এবং স্থানীয় নেতাকর্মীদের চাপে তিনি এই দুটি আসন বেছে নিয়েছেন বলে তার সমর্থকরা দাবি করছেন।

বিইউ/এএস