নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
বিএনপির বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের পীরজংগী মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি সমাবেশে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি। এই পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘তারেক রহমানের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি গর্বিত। তিনি (তারেক রহমান) সারা বাংলাদেশ চষে বেড়িয়েছেন, মানুষের কষ্ট কাছ থেকে দেখেছেন এবং তিনি জানেন এই পথচলায় তারেক রহমান ব্যক্তিগতভাবে অনেক কষ্ট সহ্য করছেন।’
মির্জা আব্বাস বলেন, ‘একটি নির্বাচন করতে গিয়েই বিএনপির নেতাকর্মীদের ঘাম ছুটে যাচ্ছে। অথচ বিভিন্ন মহলের লোকজন পরিকল্পিতভাবে দলের বিরুদ্ধে কাজ করতে চেয়েছে।’
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে মির্জা আব্বাস তারেক রহমানের কাছে ঢাকা-৮ এলাকার জনগণের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন।
তিনি বলেন, ‘এই এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট ও জলাবদ্ধতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। পাশাপাশি এলাকার মানুষের জন্য পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা এবং কবরস্থানের সংকট নিরসনে কাজ করব।’
তিনি বলেন, এসব মৌলিক সমস্যা সমাধান না হলে নগর জীবনের স্বাভাবিকতা ফিরবে না। জনগণের এসব ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমেই বিএনপি মানুষের আস্থা ও সমর্থন আরও দৃঢ় করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
এম/এমআই