images

রাজনীতি

দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপির হাতেই রয়েছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপির হাতেই রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন,‘দেশ চালানোর বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। দেশের মানুষ ও রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের অভিজ্ঞতাও বিএনপির হাতেই রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের এক কোটি বেকার সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য ভোকেশনাল ইনস্টিটিউট সম্প্রসারণসহ দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

তারেক রহমান বলেন, ‘যাদের বন্ধু–বান্ধব সরকার পরিচালনার অংশ ছিল অথচ ক্ষমতায় থেকেও তারা সাধারণ মানুষের জীবনমান বদলাতে পারেনি।’

তিনি বলেন, ‘এলাকার সমস্যা এলাকার মানুষই সবচেয়ে ভালোভাবে সমাধান করতে পারে, বাইরে থেকে কেউ এসে কোনো এলাকার প্রকৃত উন্নয়ন করতে পারে না।’

বিদেশে কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, ‘যারা বিদেশে যেতে চান, তাদের আর বাপ দাদার জমি বিক্রি করতে হবে না। বিএনপি সরকার ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করবে, যাতে পরিবারের ভিটেমাটি রক্ষা পায় এবং ভবিষ্যৎ নিরাপদ থাকে।’

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষকদের জন্য ১০ হাজার টাকার কৃষিঋণ দেওয়া হবে এবং সেই ঋণের সুদসহ পুরো টাকা বিএনপি সরকার পরিশোধ করে দেবে। এতে কৃষকরা আরও উৎসাহিত হবে এবং কৃষিখাতে উৎপাদন বাড়বে।’

স্বাস্থ্যসেবার বিষয়ে তারেক রহমান বলেন, ‘সারা দেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে মানুষ অসুস্থ হলে ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা সেবা পেতে পারে। এতে গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য কমবে।’

নারী নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে মা–বোনেরা দিনের যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে। একই সঙ্গে তিনি বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়া, যেখানে মানুষ রাতে নিশ্চিন্তে ও নিরাপদে ঘুমাতে পারবে।’

মেগা প্রকল্পের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। এসব প্রকল্পে গুটিকয়েক মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের নামে লুটপাট নয়, জনগণের বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে।’

এম/এমআই