images

রাজনীতি

মোবাইল নীতিমালা বাতিল না হলে ইসি ভবন ঘেরাও করবে জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল করা না হলে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ভোটের দিন ভোটারদের স্বাভাবিক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি। দলটির মতে, মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করলে ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে।

এর আগে এক বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় এবং প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়। তার ভাষায়, নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসবে পরিণত হওয়া উচিত- যেদিন ভোটাররা গর্বভরে ভোটের লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের স্বাধীনতাকে উপভোগ করবে।

তিনি আরও বলেন, এই স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশে কোনো ধরনের ব্যত্যয় ঘটার সুযোগ নেই। কেউ যদি ভোটাধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে জাতি প্রস্তুত রয়েছে-বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত।

জামায়াত আমির বলেন, ‘ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে; প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।’

টিএই/এমআই