নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক এবং বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বেসরকারি সংস্থা সোচ্চার প্রকাশিত জরিপের ফলাফলে এই আভাস পাওয়া গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
বেসরকারি সংস্থা সোচ্চার প্রকাশিত জরিপে এ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দেখা গেছে মাত্র তিন শতাংশ। যেখানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। তার পক্ষে ভোট দিতে চেয়েছেন ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের মামুনুল হক পেয়েছেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন।
ফল বিশ্লেষণে দেখা গেছে, ১০ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। আর ৫ দশমিক ৯ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন তা প্রকাশ করতে রাজি হননি।
ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মূলত আসনজুড়ে আছে মোহাম্মদপুর এলাকা। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আটজন।
জরিপ পর্যালোচনায় দেখা যায়, ঢাকা-১৩ আসনের ৬০৬ ভোটারের মতামত নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৫৮ জন ববি হাজ্জাজকে ভোট দিতে চেয়েছেন। আর ২৪০ জন বলেছেন, মামুনুল হককে ভোট দেবেন তারা।
জরিপের লিঙ্গভিত্তিক ফলে দেখা গেছে, মোট ৬০৬ জনের মধ্যে পুরুষ ৩২৪ এবং নারী ২৮২ জন। পুরুষ ভোটারের ৪৪ দশমিক ৮ শতাংশ এবং নারী ভোটারদের ৪০ দশমিক ১ শতাংশ বিএনপি প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মামুনুল হককে ৪০ দশমিক ৮ শতাংশ নারী এবং পুরুষ ভোটারদের ৩৮ দশমিক ৬ শতাংশ ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
ক.ম/