images

রাজনীতি / সারাদেশ

মা-বোনদের পক্ষে অবস্থান নেওয়ায় আমার বিরুদ্ধে মিসাইল মেরেছে: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

নারীদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তাদের পক্ষে কথা বলার কারণেই তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘মা-বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এজন্য ওইটা ধরেই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। আমার আইডি হ্যাক করে। চোর ধরা পড়েছে, তারপরও বড় গলায় কথা বলে।’

প্রবাসীদের ভোটের অধিকার অনেকে চায়নি মন্তব্য করে শফিকুর রহমান বলেন, আগামীতে সব প্রবাসীর ভোটের অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, অনেকে বলেছিলেন প্রবাসীদের আবার ভোটের দরকার কী? ওরা বিদেশে যাবে রুজি করবে, পরিবারকে টাকা পাঠাবে, দেশকে রেমিট্যান্স দেবে। এর বাইরে তাদের আর কী আছে।

জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবেন না জানিয়ে জামায়াত আমির বলেন, তারা দুনিয়ার যেখানে থাকুক না কেন জনগণের এ হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেন, তারা অবশ্যই অভিনন্দিত হবেন। আর যদি ফেরত না দেন, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের পেটের ভেতর থেকে নিয়ে আসবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের হক আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা স্বেচ্ছায় টাকা ফেরত দিলে ভালো, না হলে রাষ্ট্র শক্ত হাতে তা উদ্ধার করবে।’

তিনি বলেন, ‘উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং যে এলাকা যত বেশি বঞ্চিত, সেখানে উন্নয়ন কাজ সর্বপ্রথম শুরু করা হবে।’

এর আগে সকালে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠ এবং মৌলভীবাজার জেলার কুলাউড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ডা. শফিকুর।

এমআর