নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিজ নির্বাচনি এলাকা মিরপুর–১৫ আসনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নারী বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাজীপাড়া মেট্রো স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তারের নেতৃত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিনি বলেন, ‘মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে মানবকল্যাণের জন্য। এই মানবকল্যাণ বাস্তবায়নের দুটি দিক রয়েছে। একটি হলো দুনিয়ার জীবনে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা, অপরটি হলো পরকালের কল্যাণের পথ সুগম করা। দুনিয়ার জীবনে প্রকৃত কল্যাণ তখনই সম্ভব, যখন একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’
ইরানী আক্তার আরও বলেন, মিরপুর–১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শফিকুর রহমান সমাজের বিদ্যমান সব ধরনের অকল্যাণ দূর করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলবেন। তিনি বলেন, নারী মুক্তি, নারী নিরাপত্তা ও নারীর অধিকার কেবল ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। এ কারণেই আজ নারী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। তিনি সকল নারী ভোটারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই পৃথিবীকে সুন্দর ও শান্তিময় করে তোলা সম্ভব। সেই লক্ষ্যকে সামনে রেখেই নারী সমাজ আজকের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সালমা সুলতানা, শুরা কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি আমেনা বেগমসহ নারী বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: জামায়াতের হাতে তিন ‘ট্রাম্প কার্ড’
বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একজন মানবিক নেতা। তিনি দেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং নারী সমাজকে মায়ের জাতি হিসেবে সর্বোচ্চ সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চান।
তারা বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য নারী সমাজ আজ তার পক্ষে মাঠে নেমেছে এবং ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করছে।
বক্তারা আরও বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই নারী সমাজের প্রত্যাশা। সেই প্রত্যাশা ও অঙ্গীকারকে সামনে রেখেই আজকের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
এএইচ/এমআই