images

রাজনীতি

আমি নির্বাচনের আগে কোনো যুদ্ধে জড়াবো না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘তারা চাচ্ছে আমি কোনো না কোনো ভাবে যাতে একটা ঝামেলা করে ফেলি, কিন্তু আমি তা করব না। নির্বাচনের আগে আমি কোনো ঝামেলা বা যুদ্ধে জড়াবো না।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মোতালেব প্লাজা দোকান মালিক ও অ্যাপার্টমেন্ট মালিক নেত্রীবৃন্দের সঙ্গে দোয়া ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘শকুনের মতো একটি দল নির্বাচনকে ব্যাহত করে দিতে চাচ্ছে। আজকে জামায়াতে ইসলামী এবং তাদের বাচ্চারা ক্ষমতায় আছে। রাষ্ট্রের প্রধান ব্যক্তি বলেছেন, তারাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তাহলে তো আর বুঝতে বাকি থাকে না।’

তিনি বলেন, ‘জনগণ ভোট দেবে, সেই ভোটের ফলাফল তারা ঘুরিয়ে দেবে। আমি গভীরভাবে এই নির্বাচনে কারচুপির আশঙ্কা করছি। এখন যারা ক্ষমতায় আছে, তারা মানতে চায় না জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিছু কিছু দল বিদেশিদের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় যেতে চাচ্ছে। তাদের বাচ্চারাও একমত হওয়ার চেষ্টা করছে খুবই কদর্য ভাষায়।’

মির্জা আব্বাস বলেন, ‘একটি দল ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চাচ্ছে। আমরাও ধর্ম বিশ্বাস করি, আমরা সাচ্চা মুসলমান। আমরা মিথ্যা কথা বলি না। বাজে কথা বলে আপনারা যে খুবই লাভবান হচ্ছেন, আমার তা মনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘একটি চক্র চাচ্ছে একটি দলকে ক্ষমতায় আনতে। যদি তারা তা না পারে, তাহলে নির্বাচন বানচালের চেষ্টাও হতে পারে। আমি আশা করি আপনারা ১২ তারিখ ভোট দিয়ে উপযুক্ত জবাব দেবেন।’

মোতালেব প্লাজার বাসিন্দা ডা. মঞ্জুরুল ইসলাম আকাশ বলেন, ‘জুলাই পরবর্তী বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে ভোট দিয়ে পরিবর্তন আনতে হবে। আমরা চাই আপনারা ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ভাইকে ভোট দিয়ে সেই পরিবর্তন আনবেন।’

অ্যাপার্টমেন্ট কমিটির সভাপতি বাবু বলেন, ‘আমাদের নেতা মির্জা আব্বাস ভাইকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি না এলেও আমরা তাকেই ভোট দেব সবাই।’

মোতালেব প্লাজার মার্কেট সমিতির সাবেক সভাপতি খালেদ বেপারী বলেন, ‘উনি দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন। প্রায় ১২ হাজার লোককে চাকরি দিয়েছেন।’

এম/এএইচ