images

রাজনীতি

অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করব: তাসনীম জারা

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

অন্যায়ের ঘটনাগুলো পাবলিক রেকর্ডে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পেশিশক্তি দিয়ে হয়তো সাময়িক দাপট দেখানো যায়, কিন্তু তথ্য এবং জনমত দিয়ে যে সামাজিক চাপ সৃষ্টি করা সম্ভব, তা উপেক্ষা করার সাধ্য কোনো রাজনৈতিক দলেরই নেই। দুনিয়ার সবচেয়ে রুথলেস ডিক্টেটররাও এটা পারে নাই।’

ডা. তাসনীম জারা বলেন, ‘একজন বলেছেন যে নির্বাচিত হলে আমি সৎ থাকতে পারবো, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাজনৈতিক ‘বড় ভাই’ বা ‘নেতা’র দাপট থামাতে পারবো না। আমি ওনাকে বলেছি যে এটা কেউ করতে পারলে আমি পারবো। কিভাবে?’

তিনি আরও বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; প্রয়োজন হয় অন্যায়ের Political Cost বা রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া।’

ডা. তাসনীম জারা বলেন, ‘যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা পাবলিক এক্সপোজার-কে সবচেয়ে বেশি ভয় পায়। তাই যখন কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে ডকুমেন্ট করা হয় এবং জনসম্মুখে আনা হয়, তখন দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের সামলে রাখতে।’

তিনি বলেন, ‘এই কাজ করার জন্য যে দুটি হাতিয়ার প্রয়োজন হয় সবচেয়ে বেশি, তা আমার আছে। প্রথমত, এভিডেন্স কীভাবে যথাযথভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা আমার আছে। আর দ্বিতীয়ত, সেই সত্যকে কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো প্ল্যাটফর্মও আমার আছে।’

এসএইচ/এমআই