ঢাকা মেইল ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে চান জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ভাষণ সম্প্রচারের লক্ষ্যে সময় ও স্লট বরাদ্দের অনুমতি চেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নিকট আনুষ্ঠানিক আবেদন করেছে দলটি।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মাহাবুব আলম জানান, আজ আমরা আবেদন করছি। এখনো স্লট দেয়নি। তবে আমরা আশা করছি দ্রুতই স্লট বরাদ্দ দেবে।
উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের জন্য রাষ্ট্রীয় গণমাধ্যমে বক্তব্য প্রদানের এই সুযোগটি নির্বাচনি সংস্কৃতির একটি অংশ। এর আগে প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।
এফএ