নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধির ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বৃহৎ স্বার্থ রক্ষায় সাময়িক ত্যাগ ও ধৈর্য ধারণের অনন্য দৃষ্টান্ত হলো হুদাইবিয়ার সন্ধি।’
বুধবার (৩ ফেব্রুয়ারি) আসরের নামাজ আদায়ের জন্য কাফরুলের সেনপাড়া উত্তর ওয়ার্ডের মুন্সি বাড়ি মসজিদে গিয়ে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদের অনেকেরই মনে আছে—হুদাইবিয়ার সন্ধিতে লেখক ছিলেন হযরত আলী (রা.)। কোরাইশদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল, ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’ লেখা যাবে না, বরং লিখতে হবে ‘মুহাম্মাদ বিন আব্দুল্লাহ’। এ কথা শুনে হজরত আলী (রা.) বলেন, তিনি ‘রাসুলুল্লাহ’ শব্দটি কেটে ফেলতে পারবেন না।’
তিনি বলেন, তখন রাসুলুল্লাহ (সা.) বৃহৎ স্বার্থে নির্দেশ দেন—কোন জায়গায় কাটতে হবে দেখিয়ে দিতে। যদিও তিনি লেখাপড়া জানতেন না, তবু নিজ হাতে একটানা লেখাটি কেটে দেন। সেই সময় অনেক সাহাবি (রা.) মনঃক্ষুণ্ন হয়েছিলেন। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, সেই আপাত দৃষ্টিতে কঠিন সিদ্ধান্তই ইসলামের বিজয়ের পথ প্রশস্ত করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম আলম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, কাফরুল পশ্চিম থানা আমীর আব্দুল মতিন খান, কাফরুল উত্তর থানা আমীর মো. রেজাউল করিম, কাফরুল দক্ষিণ থানা আমীর আনোয়ারুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে সংক্ষিপ্ত দোয়া ও মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণে ঐক্য, ধৈর্য এবং নৈতিকতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এএইচ/এএইচ