images

রাজনীতি

বঙ্গভবনে জামায়াত প্রতিনিধিদল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বিচার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের অগ্রগতি জানতে বঙ্গভবনে যান জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় তারা প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছেন।
 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি আরও জানান, পৌনে এক ঘণ্টার বৈঠকে ঘটনার বিষয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি তদন্তের আশ্বাস দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
 
এদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকারদের কবলে পড়ে। বিকাল ৪টা ৩৭ মিনিটে ওই আইডি থেকে একটি অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় আইটি টিম দ্রুত পদক্ষেপ নিয়ে বিকাল ৫টা ৯ মিনিটে আইডির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। পরে বিকাল ৫টা ২২ মিনিটে আইডিটি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে একটি জরুরি ঘোষণা দেওয়া হয়।
 
ঘটনার পর ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।
 
টিএই/এআর