images

রাজনীতি

বাউফল কার্যালয়ে পুলিশি তল্লাশির অভিযোগ, জামায়াতের উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

পটুয়াখালী জেলার বাউফল থানা কার্যালয়ে পুলিশি তল্লাশির অভিযোগ তোলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াত বলছে, শুধুমাত্র ‘সন্দেহের’ ভিত্তিতে এই তল্লাশি হয়েছে, যা পক্ষপাতদুষ্ট ও হয়রানিমূলক।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে অবিলম্বে এ ধরনের তৎপরতা বন্ধের আহ্বানও জানিয়েছে দলটি।

বিবৃতিতে জানানো হয়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে বাউফল থানার পুলিশের একটি দল জামায়াতে ইসলামীর বাউফল থানা কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তল্লাশিকালে কার্যালয় থেকে কোনো আপত্তিকর বা অবৈধ কিছু উদ্ধার না হলেও এ ধরনের অভিযান অনভিপ্রেত ও উদ্বেগজনক।’

বিবৃতিতে তিনি অভিযোগ বলেন, ‘তল্লাশির সময় বাউফল থানা ছাত্রদলের আহ্বায়ক তার কয়েকজন অনুসারীসহ জামায়াতে ইসলামীর থানা কার্যালয় থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন, যা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, একটি বড় রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের প্ররোচনায় পুলিশ এই অভিযান পরিচালনা করেছে।’

বিবৃতিতে এডভোকেট জুবায়ের আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল। ক্লিন ইমেজের দল হিসেবে দেশে-বিদেশে জামায়াতে ইসলামীর সুনাম রয়েছে। এমন একটি সংগঠনের বিরুদ্ধে অন্যের প্ররোচনায় অভিযান পরিচালনা করা অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত।’

তিনি বলেন, ‘বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাকে বহাল রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন।’

তিনি অবিলম্বে এ ধরনের হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করার পাশাপশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্যও তিনি জোরালো আহ্বান জানান।

টিএই/এএম