images

রাজনীতি / সারাদেশ

ক্ষমতায় গেলে নারী-পুরুষের বেতন বৈষম্য দূর করব: জামায়াত আমির

জেলা প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কারখানায় কর্মরত নারী ও পুরুষ শ্রমিকদের বেতন বৈষম্য দূর করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন দলটির আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, ‘আমি বাস্তব অবস্থা দেখার জন্য মাঝেমধ্যে কারখানায় যাই। সেখানে সব মালিকের দৃষ্টিকোণ সমান নয়। বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকদের সম্মান দেওয়া হয় না। বিশেষ করে মায়েদের সম্মান দেওয়া হয় না। সেখানে বেতন বৈষম্য আছে, নারীদের এক রকম, পুরুষদের আরেক রকম। আমরা ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করে দেব, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।

প্রায় ২০ মিনিটের বক্তব্যে তিনি নারী অধিকার, নারী শ্রমিক, গাজীপুরের উন্নয়নসহ নানা বিষয়ে কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘৫৪ বছরে দেশে উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করব না। তবে এই উন্নয়ন হয়েছে দুই ধরনের- একটা জনগণের, একটা রাজনৈতিক নেতাকর্মীদের।’

তার অভিযোগ, ‘জনগণের উন্নতি করতে গিয়ে গত ১৫ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। যারা মানুষের সম্পদ চুরি করে, আল্লাহ তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেন। এজন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হন।’

2

শফিকুর রহমান বলেন, ‘গাজীপুর সত্যিকার অর্থে একটি শিল্প এলাকা। কিন্তু সমস্যা হলো, এখানে শৃঙ্খলা নেই। শিল্প যেখানে থাকবে সেখানে পরিকল্পনা থাকবে। উন্নয়ন যেখানে থাকবে সেখানে শৃঙ্খলা থাকবে। এখানে ৪০ লাখ শ্রমিক কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা। তবে তাদের ভোটে নির্বাচিত হলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে।’

তিনি বলেন, ‘সন্তান থাকা মায়েরা বাসায় থাকবে তিন ঘণ্টা আর কাজ করবে ৫ ঘণ্টা। শিশুর বাঁচার জন্য অবশ্যই ডে কেয়ার সেন্টার থাকতে হবে। সেখানে গিয়ে সে বাচ্চাকে দুধ খাওয়াবে, খোঁজ খবর নেবে। যাতে একজন মা তার সন্তানের সেবা করতে পারে এবং পেশাগত দায়িত্ব পালন করতে পারে। একটি সুস্থ শিশু, একটি সুস্থ মা আগামী দিনের সুস্থ সমাজ। আমরা চাই মায়েরা কাজও করবে, সন্তানকেও জড়িয়ে ধরবে।’

প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে শক্তিশালী করার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘যুব সমাজ তৈরি হয়ে যাও। আমরা দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। যুবকরা আর পেছনে তাকাবে না, ওরা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’

প্রতিপক্ষ দলের সমালোচনা করে তিনি বলেন, ‘ওদের কাজ চিংড়ি মাছের মতো, ওরা শুধু পেছনে চলে যায়। তারা ইসলামের পক্ষে জাগরণ দেখে দিশেহারা হয়ে গেছে। আমরা তাদের অনুরোধ করি, কোনো মায়ের গায়ে হাত দেবে না। যদি মায়েদের সম্মান করতে পারো, বাংলাদেশকে সম্মান করতে পারবা। যারা মায়ের সম্মান করে না, তারা আল্লাহকে সম্মান করে না। আমরা জীবন দেব, কিন্তু মাকে অসম্মান করতে দেব না। এসব কথা বলায় ওরা আমার পেছনে লেগেছে। আমি কাউকে ভয় করি? আমি একমাত্র আল্লাহকে ভয় করি। আমার বিবেক নিয়ে আমি চলি।’

4

জামায়াত আমির বলেন, ‘জুলাই আন্দোলনে শ্রমিক, ছাত্র, যুবক, মায়েরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণ দিয়েছে। আমরা ন্যায়বিচার চাই।’

তিনি বলেন, ‘দেশে অনেক টাকা আছে। এসব টাকার বেশিরভাগ পাচারকারীরা বিদেশে পাচার করেছে। ইনশাআল্লাহ, ক্ষমতায় গেলে ওদের মুখের ভেতরে হাত দিয়ে পেটের ভেতর থেকে টাকা বের করে নিয়ে আসব। নিজেদের উন্নয়ন করব না, ১৮ কোটি মানুষের ভাগ্য বদলের উন্নয়ন করবে ইনশাআল্লাহ।’

রাজার ছেলে রাজা হবে, এটা আর চলবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘একজন শ্রমিকের সন্তান নেতা হলে তার দায়িত্ব দায়িত্ব নেবে রাষ্ট্র। সবাই আন্দোলন করেছে ন্যায়বিচারের জন্য। ন্যায়বিচার নিশ্চিত হলে সবার অধিকার সমুন্নত থাকবে।’

তিনি বলেন, ‘গাজীপুর দেশের জিডিপিতে বিরাট ভূমিকা রেখে চলেছে। আমাদের প্রার্থীদের ভোট দিলে কথা দিচ্ছি, গাজীপুরের লোকদের প্রতি আমরা বেইনসাফি করব না। আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই।’ 

জামায়াতের আমির বলেন, ‘আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়ার। আমি জামায়াতে ইসলামীর লিডার হতে চাই না। আমরা ১৮ কোটি মানুষের লিডার হতে চাই। দুর্নীতির শাসন আমরা চাই না। আমরা চাই ন্যায় ও ঐকমত্যের শাসন। কিন্তু তারা ক্ষমতায় গেলে একটা মানুষও শান্তিতে থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ। লুটপাটের বিরুদ্ধে আমাদের আওয়াজ। জনগণ ফ্যাসিস্টকে ক্ষমা করে নাই, আর এই সমস্ত ভোট ডাকাতকে মোকাবিলা করা তো ব্যাপারই না।’

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন- জামায়াত নেতা মাওলানা জয়নাল আবেদিন, গাজীপুর জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, গাজীপুর -৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম,  জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান। 

এএইচ