জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার মোহে বিভোর হয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার ১৩তম দিনে রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকেই আমিনুল হক এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ মানুষ তাকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন।
আমিনুল হক বলেন, ‘একটি দল (জামায়াত) ঘরে ঘরে গিয়ে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে এবং এনআইডি নম্বর সংগ্রহ করে ভোট জালিয়াতির অপচেষ্টা চালাচ্ছে। এগুলো এখন প্রমাণিত। আমাদের কাছে ভিডিও ক্লিপসহ পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যা ইতোমধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। দ্রুতই নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এসব দাখিল করা হবে।’
তিনি বলেন, ‘আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা আল্লাহ ও রাসুলকে বিশ্বাস করি। কিন্তু তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে। অথচ জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। এমন মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়।’
প্রতিপক্ষ নেতার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। যেখানে আমরা নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে চাই, সেখানে এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নারীদের অধিকার প্রতিষ্ঠার এখনই সময়।’
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টাকে ‘পাগলামি’ হিসেবে অভিহিত করেন তিনি।
নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আমরা ১৭ বছর ধরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন জনগণের রায়ের কথা। আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ১২ তারিখের নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তা কঠোর হাতে দমন করা হবে।’
বিইউ/এমআই