নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ, জামায়াত বা চরমোনাই থেকে কেউ হুমকি দেয়নি। হুমকি ও ধমকি দিচ্ছেন তারা, যারা বিএনপি থেকে বহিষ্কৃত।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের শ্রীনাথ বাজারে ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নুরুল হক নুর।
বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব না করে দলের সিদ্ধান্ত মেনে ট্রাক প্রতীকে উঠতে হবে। ভবিষ্যতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা হবে।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
নির্বাচন উপলক্ষে বিএনপির অনেক নেতা-কর্মী কষ্ট করছেন উল্লেখ করে নুরুল হক নুর বলেন, তিনি শুধু একটি দলের নয়, দল-মত নির্বিশেষে সবার এমপি হয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চান।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীক নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি ও গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এই জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআর