নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রার্থীরা সবসময় জনগণের কাছে আসতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
আসিফ লিখেছেন, ‘নির্বাচনের সময় শুধু প্রার্থীরা আপনাদের কাছে আসে। কিন্তু “হ্যাঁ” ভোট জয়যুক্ত হলে যে সংস্কার হবে, তাতে প্রার্থীরা সবসময় আপনাদের কাছে আসতে বাধ্য হবে।’
এর আগে আসিফ বলেন, ১১ দলীয় জোট দেশের ৩০০ আসনেই প্রার্থী দিয়েছে। আমাদের বিশ্বাস, জনগণ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করবে। তবে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ আরও দীর্ঘমেয়াদি সুফল পাবে। এতে শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যেই প্রতীকে ভোট দেন না কেন—দাঁড়িপাল্লা, শাপলা কলি, রিকশা কিংবা ধানের শীষ—গণভোটের ব্যালেটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে একটি সিল দেবেন। বাংলাদেশের ভবিষ্যৎ, দীর্ঘমেয়াদি সংস্কার এবং টেকসই সুফলের জন্য আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব, ইনশাআল্লাহ।
আসিফ বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মনোনয়ন বাছাইয়ের শুরুতেই ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধকরণের মাধ্যমে স্পষ্ট পক্ষপাতিত্ব করা হয়েছে।
তিনি বলেন, জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়ার ঘটনাই প্রমাণ করে নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
আসিফ আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় নাম নিয়ে বিতর্ক সৃষ্টি করে কুমিল্লা বিভাগ ঘোষণার প্রক্রিয়াটি নস্যাৎ করা হয়।
এসএইচ/এএইচ