নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নারীদের চরিত্র হরণের পাঁয়তারা করছে। নারীর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে এবার জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা ঈদগাহ মাঠে ঢাকা-৩ আসনের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, নারীরা আজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু একটি গোষ্ঠী ধর্ম ও নৈতিকতার নামে নারীদের হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য নারীদের ঘরবন্দী রাখা এবং সমাজে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করা।
তিনি আরও বলেন, যারা নারীদের চরিত্র নিয়ে কুৎসা রটায়, তারাই মূলত নারীর অগ্রগতিকে ভয় পায়। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। এই জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো দেশ এগোতে পারে না। তাই নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নারীর প্রতি সহিংসতা, অপমান ও চরিত্রহননের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণই ভোটের মাধ্যমে এসব অপশক্তির জবাব দেবে। একটি গোষ্ঠী নারী সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। অনলাইনে নারীদের নিয়ে আজেবাজে মন্তব্য করছে।
তিনি আরও বলেন, নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে এবার জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ/এআর