জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন তারা। সোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যান ও মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।
বাণীতে তারেক রহমান বলেন, ‘শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’
তিনি বলেন, ‘বরাত অর্থ নাজাত বা মুক্তি, শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় তাঁর বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার। তাই এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র নিকট ক্ষমা প্রার্থনা করেন।’
তিনি আরও বলেন, ‘এই রাতে এমন নেক আমল করা উচিৎ, যার মাধ্যমে আল্লাহ’র রহমত ও মাগফিরাত লাভ করা যায়। এ রাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত পাওয়া। বিশ্বাসী মুসলমানগণ সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।’
আরও পড়ুন:
শবে বরাতের গুরুত্ব ও ফজিলত
বাণীতে তারেক রহমান আরও বলেন, ‘আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন। বিশ্বশান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমরা একান্ত মোনাজাত করবো।’
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো বাণীতে দলটির মহাসচিব আরও বলেন, ‘আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।’
এদিকে, পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও মুক্তির রজনী হচ্ছে শবে বরাত। আল্লাহ তা’আলা শবে বরাতের রাতে তাঁর সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং অবিশ্বাসী বিদ্বেষপোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। রিজিকপ্রার্থীদের তিনি রিজিক দান করেন, বিপদগ্রস্তকে তিনি বিপদমুক্ত করেন।’
তিনি বলেন, ‘ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে। নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহ’র কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন। এই রাতে মুমিন-মুসলমানরা সরল-সোজা পথে ও নিষ্কলুষ জীবন-যাপনের কামনায় আল্লাহ’র কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন।’
আরও পড়ুন:
শবে বরাতের রোজা কয়টি
তিনি আরও বলেন, ‘এই পবিত্র রাত ক্ষমার রাত হিসেবে বিবেচিত। শবে বরাত সৌভাগ্যের রজনী, যা আলোকোজ্জ্বল ও মহিমামন্ডিত। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের বারিধারা। আমি আল্লাহ’র দরবারে কায়মনোবাক্যে সেই মোনাজাত করি।’
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহ’র নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাবো। এজন্য আল্লাহ’র নিকট ধৈর্য্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।’
এএম