images

রাজনীতি / সারাদেশ

বিএনপির ২২ প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান

জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া থেকে বিএনপির নেতাকর্মীরা উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানের জনসভাস্থলে এসেছেন। দুপুর ২টার দিকে প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। এসময় সাত জেলার বিএনপির  ২২ প্রার্থীকে জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সেখানে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে তিনি ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

দলীয় প্রধানের আগমন ঘিরে যশোর-কুষ্টিয়ার সাত জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন ইচিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে যশোরে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। বেলা ২টার দিকে জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন।

প্রথমবার দলীয় প্রধানের আগমন ঘিরে সাজ সাজ রব সমগ্র যশোরে। প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। শহর ছাড়াও জনসভাস্থলে তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বিলবোর্ডে ছেয়ে গেছে। রাজনৈতিক দলীয়প্রধানের জনসভাগুলো মূল শহরে হলেও জনদুর্ভোগ এড়াতে শহরের বাইরে আয়োজন করেছে বিএনপি। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় যেমন একদিকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নেতাকর্মীরা।ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে সবার মাঝে।

যশোর -৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘তারেক রহমানের যশোরে আগমন ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার চালিয়েছেন। তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমাদের মাঝে শোক কাজ করছিল। জনগণ শোকাহত ছিলেন। কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সারা দেশ নতুনভাবে জেগে উঠেছে। নতুন প্রত্যয়, নতুন চেতনা ও নতুনভাবে উজ্জীবিত হয়েছে।’

জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, ‘জনসভা শুধু উপশহর মাঠেই সীমাবদ্ধ থাকবে না, এটি আশেপাশের সড়ক ছাড়াও শহর জনসমুদ্রে পরিণত হবে। দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের পর দেশ এখন পরিবর্তনের পথে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জনসভায় তারেক রহমান এই অঞ্চলের রূপরেখা তুলে ধরবেন।’

প্রতিনিধি/এফএ