images

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সন্ত্রাস, হুমকি ও মামলাবাণিজ্য বন্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও মো. আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘২৪-এর আকাঙ্ক্ষা ছিল রাজনীতিতে নতুন বন্দোবস্ত। কিন্তু যারা পুরোনো রাজনীতি ধারণ করে তারা পুরোনো ব্যবস্থাকেই আঁকড়ে ধরে নতুনদের রাজনৈতিকভাবে বেড়ে ওঠা ঠেকানোর চেষ্টা করছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে গেলে নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার ঘাটতি স্পষ্ট।’

তিনি আরও বলেন, ‘মামলাবাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে সংখ্যালঘুরাও মামলা থেকে রেহাই পাচ্ছে না। নিজেরা মামলা দিয়ে আবার নির্দিষ্ট মার্কায় ভোট দিলে মামলা প্রত্যাহারের প্রলোভন দেখানো হচ্ছে। এ অবস্থায় জনগণ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় অস্ত্র কেনাবেচা চলছে এবং ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীদের জামিন করানো হচ্ছে, যা ভয়াবহ অশনিসংকেত। একই সঙ্গে একটি বড় রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন চললেও কেন্দ্রীয়ভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে বক্তব্য দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট দলকেই স্পষ্ট করার দাবি জানান ব্যারিস্টার ফুয়াদ।

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে সবাই একমত হয়েছিল, অল্প সময়ের ব্যবধানে সেগুলো ভুলে গিয়ে কেউ কেউ জুলাই সনদ মানবে না বলে বক্তব্য দিচ্ছে, যা দুঃখজনক। প্রশাসনের তৃণমূল পর্যায়ের কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আগ্রহী হলেও প্রয়োজনীয় নির্দেশনার অভাবে অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন হচ্ছে না।’

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, ‘স্ট্রাইকিং ফোর্সের কার্যক্রম দৃশ্যমান নয়, নির্বাচনি সন্ত্রাসে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে না এবং দুর্গম এলাকাগুলোতে প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করা হয়নি।’

জামায়াতে ইসলামীর আমিরের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে তিনি লজ্জাজনক ও অনভিপ্রেত বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা পুরোনো তর্ক-বিতর্ক এড়িয়ে নতুন রাজনীতির কথা বলতে চেয়েছি। কিন্তু চরিত্রহনন ও পুরোনো ট্যাগের রাজনীতি নতুন প্রজন্ম গ্রহণ করছে না।’

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘দয়া করে কার্যকর পদক্ষেপ নিন। অস্ত্রবাজ ও চাঁদাবাজদের গ্রেফতার করুন। এখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব। অতীতে তত্ত্বাবধায়ক সরকার এসে অস্ত্র উদ্ধার করেছিল, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করেনি।’

শেরপুরের মতো ঘটনার পুনরাবৃত্তি না চেয়ে তিনি বলেন, ‘আমরা আসন্ন নির্বাচনকে আনন্দময় ও গ্রহণযোগ্য হিসেবে দেখতে চাই।’

প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাবেক সিইসি, আইজিপি ও সচিবদের কারাবরণের ঘটনা মনে রাখতে হবে। জুলাইই শেষ বিপ্লব নয়, তরুণ প্রজন্ম এখনো জাগ্রত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবু হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রব জামিল, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।


এমআর/এফএ