নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ায় আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। রোববার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
পোস্টে আবু হানিফ জানান, কুমিল্লা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ওই আসনে বিএনপির আর কোনো প্রার্থী থাকছে না।
হানিফ বলেন, এই পরিস্থিতিতে কুমিল্লা–৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খুব শিগগিরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার ঘোষণা আসবে বলেও আশ্বাস পাওয়া গেছে।
এদিকে জোটের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা–৪ আসনে জোটগত ঐক্য বজায় রেখে নির্বাচনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এমআর/ক.ম