নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের ‘হেয়’ করেছেন বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এমন অভিযোগ তুলেন তিনি।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি আল-জাজিরাকে একটি সাক্ষাৎকার দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। গত বুধবার (২৯ জানুয়ারি) আল–জাজিরার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
যেখানে জামায়াত আমিরের কাছে বিভিন্ন বিষয়ের পাশাপাাশি নারীদের বিষয়ে দলটির অবস্থান সম্পর্কেও জানতে চান আল–জাজিরার সাংবাদিক। এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এবার নির্বাচনে তাদের দল থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি। ‘তবে তারা এ জন্য প্রস্তুতি নিচ্ছেন’, বলেও জানান তিনি।
জামায়াতের আমির পদে নারীর সুযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘এটি সম্ভব নয়।’ এ বিষয়ে ব্যাখ্যায় দিয়ে তিনি বলেন, ‘আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।’
জামায়াতের আমির আরও বলেন, ‘নারীদের কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে, যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন, তিনি কীভাবে এই দায়িত্ব পালন করবেন? এটি সম্ভব নয়।’
ওই সাক্ষাৎকার সামনে এনে আজ ঢাবিতে বিক্ষোভ সমাবেশে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির বলেন, ‘সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান নারীদের হেয় করেছেন। আমির স্বজ্ঞানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের অবমাননা করেছেন।’
এসব কারণে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে জামায়াত আমিরের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিকে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।
পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ওই রাতে জানান, জামায়াতের আইডি হ্যাক হয়েছে। ওই ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান।
তবে আজ ছাত্রদল সাধারণ সম্পদক নাছির অভিযোগ করেন, জামায়াতের আমির এক্স অ্যাকাউন্ট হ্যাকের কথা বলে দেশের মানুষকে ‘বোকা বানানোর চেষ্টা করছে’।
নাছির বলেন, ‘উনার আইডি নয়, মাথা হ্যাক হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমির স্বজ্ঞানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের অবমাননা করেছেন। এ বক্তব্যের কারণে তার নির্বাচনী আসন ঢাকা-১৫-এর তাকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবে।’
এসএইচ/এএম