images

রাজনীতি / সারাদেশ

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার দুপুরে জামালপুর শহরের সিংহজানী স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই অভিযোগ করেন।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘দেশের কোনো কোনো স্থানে মায়েরা ভোট চাইতে গেলে দুর্বৃত্তরা তাঁদের অপমান করছে। আমাদের মায়েদের কি এই অধিকার বা দায়িত্ব নেই? যারা মায়ের গায়ে হাত তোলে, তারা আসলে কোন প্রজাতির? আমি বুঝতে পারি না এরা মানুষ নাকি অন্য কিছু! গত কয়েকদিন ধরে এই উৎপাত শুরু হয়েছে। আমরা চাই সবাই যার যার কর্মসূচি, পরিকল্পনা ও বক্তব্য নিয়ে জনগণের কাছে যাক। কিন্তু মায়েদের অপমান আমরা সহ্য করব না। যদি কোনো দুর্বৃত্ত আপনাদের কটু কথা বলে, তবে চোখে চোখ রেখে বলবেন—আমি মা, আমি তোমাদের পরোয়া করি না; আমি কেবল আল্লাহকে ভয় করি।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘কিছু দল গণভোটের ব্যাপারে স্পষ্টভাবে কথা বলতে চাইছে না। আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা যেভাবে ১৮ কোটি মানুষের সামনে গিয়ে সংস্কার ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানাচ্ছি, আপনারা কেন লুকোচুরি করছেন? আপনাদের অবস্থান ‘হ্যাঁ’ নাকি ‘না’, তা জনসমক্ষে পরিষ্কার করুন।’

এবারের নির্বাচনকে রাজনৈতিক পট পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এবারের ২০২৬ সালের নির্বাচন ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা নির্বাচন। এই নির্বাচন আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা ৩৪ হাজার আহতের এবং শহীদ পরিবারের হাহাকারের নির্বাচন।’

বেকারত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের দলের ৬২ শতাংশই যুবক। আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। বরং আমরা প্রতিটি বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।’

জনসভা শেষে তিনি জামালপুর জেলার ৫টি আসনের দলীয় প্রার্থীদের হাতে দাড়ি পাল্লা প্রতীক তুলে দেন। জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়ালের সঞ্চালনায় এবং সদর-৫ আসনের প্রার্থী ও জেলা আমির মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একেবি