নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় জিডিটি করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।
তিনি জানান, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।
এদিকে শফিকুর রহমান ছাড়াও দলের বেশ কয়েকজন শীর্ষনেতার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জামায়াতে ইসলাম।
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত পোস্ট/কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এই মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
সবশেষে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সবার প্রতি অনুরোধ, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন। যাচাই ছাড়া কোনও কনটেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন। ক্যাম্পেইন টিম স্বচ্ছতা, ডিজিটাল নিরাপত্তা এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে। ভবিষ্যতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
এর আগে রাতে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে তা উদ্ধার করা হয়। জামায়াত আমির এক এক্স পোস্টে জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে সেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মনগড়া।
পোস্টে তিনি আরো বলেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’।
এর আগে, নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে আপত্তিকর মন্তব্য আসে। তাতে নারীদের হেয় করে মন্তব্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে সমালোচনা চলার মধ্যেই জানানো হয় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
এমআর