images

রাজনীতি

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মোবারক হোসেনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

ঢাকা-১৫ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও দলটির মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে শান্তিপূর্ণ নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৩১ জানুয়ারি) এশার নামাজের পর রাত সোয়া আটটায় মিরপুরের শেওড়াপাড়া মেট্রোস্টেশন এলাকার আশরাফ আলী মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন এলাকা ঘুরে কাজীপাড়া মেট্রোস্টেশন এলাকায় এসে শেষ হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাহী পরিষদের সদস্য ডা. মোবারক হোসেনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
 
ডা. মোবারক হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীরের পক্ষে সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা এখন স্পষ্টভাবে দৃশ্যমান। মিরপুর-কাফরুলসহ ঢাকা-১৫ আসনেও জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনগণের এই উচ্ছ্বাসই প্রমাণ করে, মিরপুর-কাফরুলের এই আসনটিও বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোটের আসন।
 
picture.jpg-
তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলতে চাই, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটারদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবে, ইনশাআল্লাহ।
 
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনের আগে যে সময় আমাদের হাতে রয়েছে, সেই সময়টুকু আমরা যদি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারি, তবে সারা দেশে যেভাবে ১১ দলীয় জোটের প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ পাচ্ছে, তাতে বিজয় নিশ্চিত হবে।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর থানা আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
 
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন নির্বাচনী স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটাধিকার প্রয়োগ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
 
এএইচ/এআর