জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
পরিচ্ছন্নকর্মীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ার ৪০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী নিবাসের নির্বাচনি পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
ওয়ারী তেলেগু সমাজ উন্নয়ন সংঘের সভাপতি এম আকাশের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মাদ আব্দুল মান্নান বলেন, পরিচ্ছন্নকর্মীরা সমাজের সবচেয়ে সম্মানিত ও অপরিহার্য অংশ। তাদের নিরলস পরিশ্রমের কারণেই একটি বাসযোগ্য শহর গড়ে ওঠে। তিনি পরিচ্ছন্নকর্মীদের উদ্দেশ্যে ‘স্যালুট’ জানান এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।
বক্তব্যে তিনি পরিচ্ছন্নকর্মীদের কল্যাণে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে কর্মীনিবাসের অবকাঠামোগত সমস্যা সমাধান ও এলাকাভিত্তিক উন্নয়ন, পরিচ্ছন্নকর্মীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি চালু এবং তাদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা প্রদান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গেন্ডারিয়া উত্তর থানা আমির গোলাম আজম, ওয়ারী পঞ্চায়েত পরিষদের সরদার শিবরাত্রি অপারু, তেলেগু ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি রি অপরাহু, পঞ্চায়েত পরিষদের টিএস রাজু চন্দ্র দাসসহ সংশ্লিষ্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে তেলেগু সমাজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে ড. মান্নানের কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে ধরা হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ড. মুহাম্মাদ আব্দুল মান্নান নির্বাচিত হলে দীর্ঘদিন ধরে অবহেলিত পরিচ্ছন্নকর্মী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
টিএই/ক.ম