নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
জামায়াতে ইসলামী জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঢাকা–৮ আসনে তিনি এমন কিছু মানুষের পাল্লায় পড়েছেন, যারা অসভ্য ভাষায় কথা বলেন এবং গ্যাংস্টারের মতো আচরণ করেন। তিনি বলেন, যতই প্রভাবশালী হোক না কেন, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গতকাল একজন বলেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি আল্লাহর নাম না নিয়ে আরেকজনের নাম নেন। এখানে সমাজের একজন সম্মানিত ব্যক্তি রয়েছেন, যাঁকে সবাই শ্রদ্ধা করেন। তিনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন, সন্ত্রাস ও দুর্নীতি শুরু করেন। রাত পর্যন্ত তাঁদের চাঁদাবাজির কর্মকাণ্ড চলে। তিনি দোকানদারদের উদ্দেশে বলেন, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই এসব লোক চাঁদা চাইতে আসবে, আপনারা তাদের প্রতিহত করবেন।
আরও পড়ুন: আ.লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঢাকা–৮ আসন বর্তমানে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগে নিমজ্জিত। তিনি বলেন, আমরা একটি আইয়ামে জাহেলিয়াতে আছি। অসভ্য কিছু মানুষের পাল্লায় পড়েছি। আমরা তাদের সভ্য করার চেষ্টা চালিয়ে যাব। ভোটের মাধ্যমেই আপনারা তাদের সভ্য করবেন। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে আমরা আইয়ামে জাহেলিয়াত থেকে মুক্ত হতে চাই। যারা মানুষের সঙ্গে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, তাদের কাছ থেকে আমরা মুক্তি চাই।
মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তিনি বলেন, তাঁদের বলব, নামাজ পড়বেন, নামাজ শেষে মসজিদে বসে আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং তওবা-ইস্তেগফার করবেন। যা করেছেন, তা যথেষ্ট হয়েছে। কীভাবে কমিশনার হয়েছেন, তা সবাই জানে। অস্ত্র তাক করে গুলি করতে করতে কমিশনার হয়েছেন—এ কথা মানুষ জানে। নাম ছিল আব্বাস উদ্দিন, পরে হয়ে গেছে মির্জা আব্বাস। আগে শুনলে বলা যেত আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। পাকিস্তানের গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের মতো চরিত্র এখন ঢাকা–৮ এলাকাতেও দেখা যাচ্ছে। আমরা তাদের মুখোশ উন্মোচন করব।
নিজের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁর এক নম্বর এজেন্ডা ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। তিনি সন্ত্রাস, মাদক ও দখলদারমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া তিনি ওয়ার্ডভিত্তিক ২৪ ঘণ্টা কমিউনিটি হেলথ সার্ভিস চালু, মা ও শিশুদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, নারীদের সুরক্ষায় উইমেন সাপোর্ট ডেস্ক স্থাপন এবং মার্কেটে নারীদের জন্য নামাজের স্থান নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান।
শিক্ষা ও আবাসন খাতের উন্নয়নেও প্রতিশ্রুতি দেন তিনি। স্কুল–কলেজে ভর্তি-বাণিজ্য বন্ধ, সরকারি চাকরিজীবীদের পে-স্কেল ও আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, নিরাপদ পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা–৮ আসনকে একটি মডেল ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন এই প্রার্থী।
এআর