নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। একই সঙ্গে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে.এম সলিম উল্যা সেলিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের লিখিত চিঠি পাওয়া গেছে এবং তাকে স্ব-পদে বহাল করার বিষয়ে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে বহাল করা হলো।
দলে ফেরার প্রতিক্রিয়ায় মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, তিনি ছাত্রদল ও যুবদল হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। বিএনপির আদর্শে বিশ্বাসী হিসেবে তিনি সব সময় দলেই ছিলেন এবং আজীবন দলের সঙ্গে থাকবেন বলে জানান। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাবেন এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবেন।
এর আগে গত ৩০ জুলাই রাতে বিএনপির এক বিজ্ঞপ্তিতে চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়। সে সময় একই অভিযোগে বিএনপির আরও দুই নেতাকেও বহিষ্কার করা হয়েছিল।
জানা গেছে, গরু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়। একই মামলায় বহিষ্কৃত আরেক নেতা আব্দুল মান্নান লস্কর বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লার দায়ের করা চাঁদাবাজির মামলায় আটক রয়েছেন।
এম/এএস