images

রাজনীতি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-০৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাস বলেছেন, একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। এছাড়া, যেই ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, সেই ফল পেতে কেন এবার ২-৩ দিন লাগবে এমন প্রশ্নও তোলেন তিনি। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠকে ধানের শীষের এই প্রার্থী এসব বলেন।

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে শাহবাগ এলাকায় উঠান বৈঠক করেন মির্জা আব্বাস। এরপর কাটাবন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।

ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আপনারা একযোগে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবেন। তিনি বলেন, একদল ছেলেপেলে এখন সকাল-দুপুর-সন্ধ্যা যতবার আল্লাহর নাম নেয়, তার চেয়ে বেশি মির্জা আব্বাস বা বিরোধীদের নাম নেয়। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ছুটছে।

পরে পরামর্শ দিয়ে ঢাকা-০৮ আসনের এই প্রার্থী বলেন, বাবারা নির্বাচন করো, ভোট চাও। দেশের জন্য কী করেছো সেটি বলো, আগামীতে কী করবে সেটি বলো। তুমি কোথা থেকে এসেছো আমার দেখার বিষয় না। অন্যের গিবত গেয়ে সময় নষ্ট করো, গুনাহ করো— এই কাজের দরকার তো নেই।

এসএইচ/ক.ম