নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘাত কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে এক দল কেন সব আসন দখল করে রাখল? কেন লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হল? এসব বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
মাহদী আমিন জানান, শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীর জন্য আসন নির্ধারিত ছিল। তবে জামায়াতে ইসলামীর নেতারা সব আসন দখল করে রেখেছিলেন এবং বিএনপির কর্মীদের নির্ধারিত আসনে বসতে দিতে অস্বীকার করেন। প্রশাসনের বারবার আহ্বানও তারা উপেক্ষা করেছিলেন।
তিনি আরও বলেন, একজন মানুষ নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এটি কোনোভাবেই কাম্য নয়। সবাই শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশী, অথচ শেরপুরে সহিংসতা দেখা গেছে।
বিএনপি নেতা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও শক্তিশালী ভূমিকার আহ্বান জানান। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল হতে হবে এবং কেউ যেন উসকানিতে পা না দেয়। শান্তিপূর্ণ ও বিতর্কমুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু ও অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এমআর/এআর