জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনি সফরে বের হয়ে নানা ব্যতিক্রমী ঘটনার মুখোমুখি হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কখনো সভামঞ্চে, কখনো গাড়িতে চলার পথে নানাজনের আবদারও রাখতে হচ্ছে তাকে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে নির্বাচনি জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন তারেক রহমান। ভালুকার সিডস্টোর এলাকায় গাড়িবহর থামিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান এক কিশোরী।
কিশোরীটি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘মানুষের সেবা করে রাজনীতি করতে চাই। নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসতে। আমার রক্তে রাজনীতি—রাজনীতি ছাড়া থাকতে পারব না। আমার জন্য দোয়া করবেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরীর আবেদনে সাড়া দিয়ে তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে দেন এবং মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এ সময় কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি তারেক রহমানকে উপহার দেন। তারেক রহমান ছবিটি সাদরে গ্রহণ করে কিশোরীকে ধন্যবাদ জানান।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
কিশোরীটি আরও বলেন, ‘আমি সমাবেশে আপনাকে দেখেছি, কিন্তু দূর থেকে মন ভরেনি। আপনার সঙ্গে দেখা করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই গাড়িতে এসেই কথা বলতে চেয়েছি।’
বিইউ/ক.ম