জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারে বাধা ও তাঁর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনি গণসংযোগে গেলে একটি বড় দলের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, আরপিও অনুযায়ী নির্বাচনী কাজে বাধা প্রদান একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার পথে বড় অন্তরায়। নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো সব রাজনৈতিক দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে, যা বাধাগ্রস্ত করা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অগণতান্ত্রিক এবং রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
টিএই/ক.ম