নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
আদর্শিক মতপার্থক্য থাকলেও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি ‘নির্বাচনী জোট’ গঠনের সন্নিকটে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। উদ্দেশ্যে ছিল, দেশের ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়া এবং ইসলামপন্থী ভোট একবাক্সে আনা। কিন্তু শেষ পর্যন্ত সেই জোট হয়ে উঠেনি। শেষমুহূর্তে জোটগঠন প্রক্রিয়া থেকে সরে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এমন প্রেক্ষাপটেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বুধবার (২১ জানুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান হেফাজতে ইসলামের আমির। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহবান করেছি। ঈমান, আকিদা বাদ দিয়ে কারও সঙ্গে জোট না করতে সতর্ক করেছি।’
‘আলহামদুলিল্লাহ! মওদূদিবাদী জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মোবারকবাদ জানাই। ইসলামি রাজনীতিতে হকপন্থীদের একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিলো। ইসলামপন্থী রাজনীতির জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে- ইনশাআল্লাহ’, বিবৃতিতে বলেন হেফাজতে ইসলামের আমির।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জামায়াতের সঙ্গে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি- ইনশাআল্লাহ। এই সাহসি পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমির এবং এই দলকে বিশেষ মোবারকবাদ জানাই।’
হেফাজতের আমির বলেন, ‘হেফাজত বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না।’ তিনি আরও বলেন, ‘যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাদেরকেই ভোট দেবেন বলে আমি আশাবাদী।’
তবে যারা ইসলামের নামে মওদুদিবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহবানও জানান তিনি। একইসঙ্গে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী একইসঙ্গে পথ চলবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।