নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণ রোগমুক্তির জন্য গভীর প্রার্থনা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি)।
শনিবার (২৯ নভেম্বর) দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এক যৌথ বিবৃতিতে এই প্রার্থনা করা হয়।
বিবৃতিতে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক উল্লেখ করে তার দ্রুত, পূর্ণ রোগমুক্তির জন্য গভীর প্রার্থনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। দীর্ঘ প্রতিকূলতা, সীমাহীন চাপ ও কঠিন বাস্তবতার মাঝেও তিনি যে দৃঢ়তা, সাহস ও আপসহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা এই দেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে।
তার সুস্থতা কেবল তার নিজের দলের জন্য নয় বরং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ক্ষমতার ট্রানজিশনাল পর্যায়ে তার মতো অভিজ্ঞ নেত্রীর উপস্থিতি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
>> আরও পড়তে পারেন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না: আইন উপদেষ্টা
এবি পার্টির শীর্ষ নেতারা আল্লাহর নিকট তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং জানান, তার চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রধান উপদেষ্টা জাতিকে আশ্বস্ত করেছেন। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করাও বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব।
নেতৃদ্বয় বেগম জিয়ার পরিবার, স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করে বলেন, আমরা তার পরিবারের পাশে আছি। দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের জন্য দোয়া করুন। ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সংগ্রামে তিনি দ্রুত শক্তি ফিরে পান, এই কামনা রইল।
এমআর/এএস