images

রাজনীতি

ছাত্রশিবির ন্যায়-ইনসাফের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে: জাহিদুল

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, তারা ন্যায়–ইনসাফ, দেশের স্বার্থ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়ে কাজ করে।’

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই–আগস্টের আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রক্তে রচিত নতুন স্বপ্নকে নষ্ট করার চেষ্টা করছে ফ্যাসিবাদী ও দালাল শক্তি। দেশের মানুষ চাঁদাবাজি, খুন–নির্যাতন ও স্বৈরাচারি রাজনীতির প্রত্যাবর্তন আর দেখতে চায় না।’

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা–১৭ আসন আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবির সভাপতি।

দেশের মানুষ চাঁদাবাজ ও খুনিদের আর কখনোই ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে জাহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম শান্তসহ অসংখ্য ছাত্র-জনতা জীবন দিয়ে যে নতুন স্বপ্নের বাংলাদেশের পথ রচনা করেছেন, পুরনো ফ্যাসিবাদী ও আধিপত্যবাদের দালাল শক্তি তা নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

শিবির সভাপতি বলেন, ‘যে দল বাংলাদেশের সংস্কার চায় না, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে নয়, গত দেড় বছরে দুইশ’র বেশি মানুষকে হত্যা করেছে এবং চাঁদাবাজি ও নারী নির্যাতনের মতো অপরাধে জড়িত— দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’

ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত শত শত শিবির কর্মীকে হত্যা করা হয়েছে, বহুজন গুম হয়েছেন, রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছে, ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। জুলাই-আগস্টের পরও আমাদের সাতজন ভাই নিখোঁজ। অসংখ্য ভাইয়ের হাত কাটা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে।’

বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাবের সমালোচনা করে শিবির সভাপতি বলেন, ‘দিল্লি, পিন্ডি বা লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনার দিবাস্বপ্ন দেখবেন না। যারা সৎ সাহস রাখেন, তারা নিরপেক্ষ ও অবাধ নির্বাচনে অংশ নিন। মানুষ হত্যা করে রাজনীতি করার দিন শেষ।’

দেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সি–রিজ, বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং নদীমাতৃক ভূপ্রকৃতি— যা দেশকে বৈশ্বিক পর্যটনের কেন্দ্রে পরিণত করতে পারে। কিন্তু দুঃখজনকভাবে মেধা পাচার হচ্ছে। আগামী সরকারকে মেধা রক্ষায় অগ্রাধিকার দিতে হবে।’

জুলাই–আগস্টের আন্দোলনে নারীদের ভূমিকার প্রশংসা করে জাহিদুল ইসলাম বলেন, ‘মা–বোনদের অবদান অনস্বীকার্য। তারা রাস্তায় নেমে এসেছেন, খাবার বিতরণ করেছেন। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে স্বপ্নের বাংলাদেশ বাস্তব হবে। আমরা চাই ওমর (রা.)–এর মতো ন্যায়বিচারের সমাজ, যেখানে মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে যাবে।’

শিবিরের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। আমরা ন্যায়-ইনসাফ, দেশের স্বার্থ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিই। যারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক— আমরা তাদের পাশে থাকব।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এএইচ/এএইচ