Dhaka Mail Logo

রাজনীতি

বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৫, ১২:০২ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল আবুল সরকারের মুক্তি নয় বরং কঠোর শাস্তি চাইলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন লিখেছেন, আবুল সরকারের বক্তব্য তিনি শুনেছেন এবং সেটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যমূলক উসকানি হিসেবে দেখছেন। 

তার মতে, শিল্পচর্চার স্বাধীনতা থাকা সত্ত্বেও কোনো শিল্পী আল্লাহ, ইসলাম কিংবা অন্য কোনো ধর্ম বা ধর্মাবলম্বী সম্পর্কে কটূক্তি করার অধিকার রাখেন না।

তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য গ্রহণযোগ্য নয়। আবুল সরকারের বক্তব্যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির প্রচেষ্টা ছিল বলেও মন্তব্য তার।

রাশেদ খাঁনের দাবি, প্রচলিত আইনে আবুল সরকারের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার সাহস পাবে না। সমাজে শান্তি বজায় রাখতে হলে এমন উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মত তার।

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহ’কে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

এর আগে সেদিন (বৃহস্পতিবার) সকালে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ।

মামলায় অভিযোগ করা হয়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনকালে ধর্ম অবমাননা করেছেন আবুল সরকার। তাকে আটকের ঘটনায় দেশজুড়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা।

এম/এএইচ