জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বেকারত্বই আমাদের এলাকার সবচেয়ে বড় ও মুখ্য সমস্যা। এই সংকট সমাধানে সরকারি চাকরি, বিদেশে কর্মসংস্থান ও ব্যাবসা— এই তিন পথই কার্যকরভাবে কাজে লাগাতে চাই।
শুক্রবার (২১ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জে বিভিন্ন স্থানে পথসভায় তিনি এসব কথা বলেন।
সরকারি চাকরির বিষয়ে বাবর বলেন, বর্তমানে দেশে সরকারি চাকরিতে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই প্রতিটি পরিবারকে শিক্ষায় বেশি মনোযোগী হতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান-দক্ষতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া এখন কোনো জায়গায় টিকে থাকা যায় না। লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি যোগ্য হলে, সময়মতো প্রস্তুত থাকলে— আমিও অবশ্যই পাশে থাকব, আমার চেষ্টার কোনো কমতি থাকবে না।
বিদেশে কর্মসংস্থানে দক্ষতার ওপর জোর দিয়ে বাবর বলেন, বিদেশে এখন সাধারণ শ্রমিক নয়, দক্ষ শ্রমিক নেওয়া হয়। তিনি বলেন, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ড্রাইভার, ওয়েল্ডারসহ বিভিন্ন কারিগরি খাতে দক্ষতা অর্জন করতে হবে। সুযোগ যখন আসবে তখন যদি আপনারা প্রস্তুত না থাকেন, আমি কী করব?
তিনি এলাকাবাসীকে সন্তানদের কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্যাবসা-বাণিজ্যে প্রযুক্তি ব্যবহার জরুরি, স্থানীয়। শুধু ব্যবসায় নামলেই সফলতা আসে না— প্রযুক্তিভিত্তিক জ্ঞান ও শ্রম দিতে হয়।
তিনি বলেন, প্রযুক্তিপূর্ণভাবে মাছ, হাঁস-মুরগি, ছাগল বা গরুর খামার— যেটাই করেন, শ্রম ও প্রযুক্তির সমন্বয় থাকলে সফলতা আসবেই। চায়নারা এক কাঠা জমিতে তিনগুণ ধান ফলায়— কারণ তারা ভালো বীজ ব্যবহার করে।
বাবর আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার যুবসমাজকে প্রস্তুত করতে পারলে বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব হবে।
বাবর বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ব্যক্তিগতভাবে 'উন্নয়নের রাজনীতি' বিশ্বাস করেন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ যদি রহমত করেন, আমার যতটুকু সাধ্য আছে তার চেয়েও বেশি আপনাদের জন্য করব ইনশাল্লাহ। আগেও আমি আপনাদের জন্য করেছি, সেটা আপনারা দেখেছেন।
মিথ্যা মামলায় সাজা দেওয়ার ব্যাপারে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বাবর বলেন, মৃত্যুদণ্ডসহ এমন কোনো সাজা নেই যা আমাকে দেওয়া হয়নি। এত সাজা দিয়েও তাদের তৃপ্তি মেটেনি। আরও চারটা মামলায় মৃত্যুদণ্ড দিতে পারত। কিন্তু সময়ের জন্য পারেনি। আর একটা বছর যদি সময় পেত তাহলে আমাকে ঝুলিয়ে দিত। আমি বলব, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? আমার নির্বাচনি এলাকার নারী-পুরুষ সবাই আমার জন্য দোয়া করেছেন, নামাজ পড়েছেন, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়ায় আজকে আপনাদের সামনে আমি আসতে পেরেছি।
এসময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম, কার্যালয়ের, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের নির্বাচনি এলাকা মোহনগঞ্জে আসেন লুৎফুজ্জামান বাবর। সন্ধ্যায় তিনি শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। আজ শুক্রবার উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথসভায় এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন। আগামীকাল আরও কয়েকটি ইউনিয়নে পথসভা করার কথা রয়েছে।
প্রতিনিধি/এসএস