নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে রচিত প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’ প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর।
বইটি লিখেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহশিক্ষা সম্পাদক মাহাবুব আলম। এটি প্রকাশ করছে আদর্শ প্রকাশনী।
লেখক মাহাবুব আলম জানান, ‘এনসিপির যাত্রা’ হলো এনসিপিকে নিয়ে রচিত প্রথম গ্রন্থ। এতে এনসিপির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক বক্তব্য সন্নিবেশিত হয়েছে। যার মাধ্যমে দলটির প্রথমদিকের কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে উপস্থাপিত হবে।
তিনি আরও বলেন, একইসঙ্গে বইটিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসনের একটি সমালোচনামূলক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।
মাহাবুব আলম জানান, এই বই তিন শ্রেণির পাঠকের জন্য উপযোগী হতে পারে—

১. সাধারণ পাঠক, যারা এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী।
২. এনসিপির নেতাকর্মী, যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের একটি সুনির্দিষ্ট ধারণা লাভ করবেন, যা তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক হতে পারে।
৩. গবেষক ও শিক্ষাবিদ, যারা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করতে চান, বিশেষত নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে নিয়ে একাডেমিক অনুসন্ধান চালাতে আগ্রহী গবেষকদের জন্যও এই বই একটি প্রাথমিক সূত্র হিসেবে কাজ করবে।
লেখক মাহাবুব আলমের জন্ম ১৯৯৭ সালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাহাবুব আলম। পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
এমআর/এএইচ