আব্দুল হাকিম
১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় কবে তা নির্ধারণের দিন ছিল আজ বৃহস্পতিবার। দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল। তবে সারাদেশে বড় ধরনের অরাজকতা বা সহিংসতা না ঘটলেও কয়েকটি এলাকায় চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে।
এ সময় কোথাও কোনো নেতা প্রকাশ্যে দেখা যায়নি। তবে অনলাইন বা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, আগের ভিডিও ও অন্য সংগঠনের ভিডিও-ছবি প্রচার করে জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনহগুলো। অন্যদিকে, জামায়াত-শিবিরসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো মাঠে ছিল সক্রিয়। সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
রাজধানী ও বিভিন্ন জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রশাসনের নজরদারি ও সতর্কতার কারণে সাধারণ মানুষের চলাচল কিছুটা সীমিত হয়। সকালের দিকে গণপরিবহন সীমিত মাত্রায় চলাচল করে এবং ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার ছিল কম। বেশির ভাগ শিক্ষার্থী আওয়ামী লীগ বিরোধী কর্মসূচি পালন করেন। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: সাইন্সল্যাবে ঢাকা কলেজ শিবিরের অবস্থান, নাশকতা প্রতিরোধে সতর্কতা
রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশার আধিক্য দেখা যায়, তবে এতে ভোগান্তি কম হয়নি। প্রশাসনের সদস্যরা গুরুত্বপূর্ণ মোড়ে টহল দিচ্ছেন, চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পরিবহন ও ব্যক্তিদের তল্লাশি করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ হাজারের বেশি সদস্য মাঠে অবস্থান নিয়েছেন, সেনাবাহিনী ও বিজিবি কার্যক্রমে অংশ নিচ্ছে। ট্রাইব্যুনালে মোতায়েন সেনা, বিজিবি এবং র্যাবের ৪ হাজার সদস্য তৎপরতা বজায় রেখেছেন। এছাড়া র্যাবের ৭০টি টহল ও ৪০টি চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চলছে, মাঠে সেনাবাহিনী ও বিজিবি অবস্থান করছে।
এর আগে দুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যতিক্রমি ঘটনাও লক্ষ করা গেছে। তেজগাঁও রেলস্টেশনের বাইরে পরিত্যক্ত ট্রেনের বগিতে বুধবার রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুইজনকে আটক করা হয়। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে আগুন দেওয়া হয়, যা দ্রুত নিভিয়ে দেওয়া হয়। এর আগে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সক্রিয় অবস্থান নিয়েছে। জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা অবস্থান নিয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। এতে শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, চিটাগাং রোড, যাত্রাবাড়ী, গাবতলি, ধানমন্ডি-৩২, মিরপুর-১০, সায়েন্সল্যাব, উত্তরা বিএনএস, খিলক্ষেত, বসুন্ধরা গেটসহ বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার ভোর থেকেই মাঠে নামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এদিন সকাল থেকে ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট-জাতীয় প্রেস ক্লাব এলাকায় বড় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে জনগণ উদারতার পরিচয় দিয়েছে, কিন্তু এবার আর উদারতা দেখানো যাবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ জাতির শত্রু, ভারতীয় আধিপাত্যবাদের দালাল।
অন্যদিকে বিএনপি মাঠে খুব বেশি সক্রিয় হয়নি। মেরুল বাড্ডা ও কারওয়ান বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীরা কিছু সীমিত কর্মসূচি পালন করেছেন।
তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে, আর তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উল্টো জনগণকে লকডাউন দিচ্ছে। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, লকডাউন দেওয়া হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে, যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়।
আরও পড়ুন: রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল, ১৪ স্থানে অবস্থান কর্মসূচি
এই বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক অদ্ভুত প্রোপাগান্ডা ব্যবহার করছে। অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ করছে। এর নমুনা আমরা গত দুতিন দিন ধরে দেখছি। বিচার প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগোপ্তা হামলা করা হয়েছে, বোমাবাজি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।
এদিকে ‘গণহত্যার বিচার বানচাল করতে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জজবা জমায়েত ও প্রতিরোধ মিছিল’ বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যায়।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতারা স্যুটকেস গুছিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এখন তারা বাংলাদেশে ‘লকডাউন’ ডেকেছেন। অনলাইনে সেই লকডাউন চলছে। তাদের নেতাকর্মীরা বাংলামোটরে ‘জয়’ বলে যাত্রাবাড়ী গিয়ে ‘বাংলা’ বলছেন। দলটির নেতাকর্মীরা দিল্লিতে একটি ম্যারাথন আয়োজন করতে পারেন। একমাত্র সেখানেই তাঁরা চ্যাম্পিয়ন হতে পারবেন। প্রতিষ্ঠার সময় থেকে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক নেই বলে সমাবেশে মন্তব্য করেন শরিফ ওসমান হাদি। তিনি বলেন, শেখ হাসিনা নিজে দিল্লিতে, তার ছেলে আমেরিকায়, মেয়ে লন্ডনে বসে এ দেশের মানুষকে ৫ হাজার টাকা, ৮ হাজার টাকা দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন। প্রতিষ্ঠার সময় থেকেই আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে গণপ্রতিরোধের পর তারা দেশে থেকেই মানুষের সঙ্গে লড়াই করত।
আরও পড়ুন: প্যান্ডেল বানিয়ে মাঠে নেই নুরের কর্মীরা
সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন পরিবহনে। সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে দায়িত্বরত পুলিশ সদস্য জানান, আমাদের টিম ভোর ৫টা থেকে ফার্মগেট এলাকায় অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রকার সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের সংবাদ আসেনি। পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে। আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি। নাশকতার কোনো সরঞ্জাম আছে কি না সে বিষয়ে সতর্কতা অবলম্বনে চেক করা হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো প্রকার সংঘর্ষ বা মিছিলের সংবাদ পাইনি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, উদ্বেগের কিছু নেই; তবে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। নাশকতার আশঙ্কায় ইতোমধ্যে প্রায় একশ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট গেট ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। এ ছাড়া রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল এলাকায় একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি চললেও দেশের রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা বা আতঙ্ক নেই। তিনি বলেন, লকডাউনে রাস্তাঘাট ফাঁকা নয়, বরং যান চলাচল স্বাভাবিক রয়েছে। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা বা উদ্বেগের সৃষ্টি হয়নি। কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাটো দু-একটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এএইচ/এআর