নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শাখাটির নেতাকর্মীরা এ কর্মসূচি শুরু করেন।
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিবিরের নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে, যা জননিরাপত্তা বিঘ্নিত করছে। এসব ঘটনার প্রতিবাদ জানাতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সেক্রেটারি আব্দুর রহমান আফনান বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ঢাকা কলেজ শাখা সাইন্সল্যাবে অবস্থান নিয়ে নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিরোধীদলীয় নেতাদের গুম ও খুনের মাধ্যমে দেশকে নিরাপত্তাহীন করে রেখেছিল। তবে ২৪ জুলাই ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের রক্তবিন্দু থাকতেও এই দেশে আর সন্ত্রাসের রাজনীতি চলবে না।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৩ অক্টোবর জানায়, ২০২৪ সালের আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এ ঘোষণার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এম/এএইচ