নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে বিএনপি। এতে দলটির নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। লোকারণ্যে পরিণত হয়েছে নয়াপল্টন-নাইটএঙ্গেল-কাকরাইল পর্যন্ত এলাকা।
শুক্রবার বিকাল ৩টা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আাসেন। র্যালিটি দলীয় কাযালয় থেকে রাজধানীর মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
র্যালিপূর্ব আলোচনা সভাকে ঘিরে ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। ঢাকার উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, গাড়ি ও ট্রাকে সাজানো প্রদর্শনী নিয়ে যোগ দেন অনুষ্ঠানে।
দুপুর আড়াইটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-প্রচার সম্পাদক আসাদুল শাহিন ও সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি ছোট পিকআপে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রতীকী মডেল তৈরি করা হয়। সেখানে কয়েদির পোশাকে ছয়জনকে রাখা হয়, যাদের শরীরে লেখা ছিল নানা ধরনের ব্যঙ্গাত্মক বার্তা। আরেকটি ভ্যানে লোহার খাঁচায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতি রাখা হয়, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। র্যালি থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
এমআর/ক.ম