images

রাজনীতি

নাসীর উদ্দীন পাটোয়ারীর পদত্যাগ, যা বললেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৫, ০২:২৮ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটোয়ারীর পদত্যাগপত্র জমা দেওয়া নিয়ে মুখ খুলেছেন দলটির শীর্ষস্থানীয় একাধিক নেতা। তারা বিষয়টিকে গুজব হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে প্রতিবেদনটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন। 

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দীন সিফাত তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, নাসীর উদ্দীন পাটোয়ারী এখনও দলের সঙ্গে আছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজও সম্পন্ন করেছেন। মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তাই পদত্যাগ বা অব্যাহতির বিষয়টি সঠিক নয়।

একই সময় বিষয়টি নিয়ে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি লিখেছেন, নাসীর উদ্দীন পাটোয়ারীর পদত্যাগ সম্পর্কিত সংবাদ গুজব ছাড়া কিছুই নয়। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নাসীর উদ্দীন পাটোয়ারীর পদত্যাগ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে, এই প্রতিবেদন প্রকাশ করেছে একটি গণমাধ্যম। 

সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পদত্যাগের পেছনে মূল কারণ পদসংক্রান্ত জটিলতা। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলে দায়িত্ব নিতে চান নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যেই তার প্রস্তাবের মৌন সম্মতি দিয়েছে। এতে মনঃক্ষুণ্ণ হয়ে নাসীর উদ্দীন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্রে উল্লেখ আছে, তিনি দল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না এবং সদস্য হিসেবে থাকবেন।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দলের কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই সরিয়ে রাখায় গত ১৭ অক্টোবর নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাসীর উদ্দীন উপস্থিত হননি। পদত্যাগ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

এছাড়া প্রতিবেদনটিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুগ্ম সদস্যসচিবের বরাতে লেখা হয়, পদত্যাগপত্র দল পেয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

এইউ