images

রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানানো হয়েছে। জামায়াতে ইসলামী সেটাকে স্বাগত জানিয়েছে।

তিনি জানান, উভয় কক্ষে পিআর বাস্তবায়নে জামায়াত দাবি জানিয়ে যাবে। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি। অতীতের তিনটি নির্বাচন দেখে মানুষের শঙ্কা আছে স্বচ্ছ হবে কি না? জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে।

বিচার দৃশ্যমান করতে হবে উল্লেখ করে তাহের বলেন, সরকারকে প্রমাণ করতে হবে বিচারিক কাজে তারা আন্তরিক। দেশের রাজনৈতিক দলগুলো কমিশনসহ যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোকেই আপাতত সংস্কারের মাপকাঠি ধরা যায়। বাস্তবায়ন জরুরি।

 আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলার সীমাবদ্ধতা আছে। সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন। জামায়াত বলছে, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়নি।

এমএইচএইচ/জেবি