Dhaka Mail Logo

রাজনীতি

প্রতিবাদী তরুণদের চাঁদাবাজে পরিণত করেছে একটা গোষ্ঠী: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণরা প্রতিবাদী ছিল, তাদের মধ্য থেকে কয়েকজনকে একটা গোষ্ঠী চাঁদাবাজে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবু হানিফ বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ীর মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই এলাকার মানুষ রাজপথে না নামলে হাসিনার পতন হতো না কখনো। যাত্রাবাড়ীতে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে এবং আহত হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে। অর্র্ন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার এক বছর আজ। এই এক বছরে সরকারের বড় ব্যর্থতা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সঠিক তালিকা প্রকাশ করতে না পারা।’

আবু হানিফ বলেন, ‘এই সরকারের দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবারকে পুর্নবাসন করা। কিন্তু সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। এমনকি শহীদদের সঠিক সংখ্যা নির্ণয় করতেও পারেনি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছিল, তাদের অনেককেই আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে পারে নাই।’ 

Hanif2

তিনি বলেন, ‘যেসব তরুণরা প্রতিবাদী ছিল। জুলাই গণঅভ্যুত্থানে যারা হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, যারা কোনো অন্যায়ের সঙ্গে আপস করে নাই, সেসব তরুণদের যারা চাঁদাবাজে পরিণত করেছে, বিপদগামী করেছে, তাদেরও একদিন বিচার হবে এদেশের মাটিতে।’ 

আবু হানিফ আরও বলেন, ‘আওয়ামী লীগ কলকাতায় তাদের দলীয় কার্যালয় করেছে। আমরা একটা বিষয় স্পষ্ট বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল। এই দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে। বাংলাদেশে আর তারা রাজনীতি করতে পারবে না, তারা চাইলে ভারতে রাজনীতি করতে পারে। এই দলটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, ছিল ভারতের একটা রাজনৈতিক দল। তারা সব সময় ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে।’ 

আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসিব মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গণধিকার পরিষদের সহসভাপতি ইব্রাহিম হোসেন রনক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা মুজাহিদ মিজান, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি শাহরিয়ার শাহীন, সহসভাপতি এনামুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান সালমানসহ অনেকে।

এএইচ/এএইচ